বগুড়া

বগুড়ায় সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ৬

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাবেক সেনা সদস্য মোসলেম উদ্দিন প্রামাণিককে (৬২) পিটিয়ে হত্যার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তাদের আটক করা হয়।

এর আগে একইদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। তিনি উপজেলার পাকুরিয়া গ্রামের আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে।

আটক ব্যক্তিরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর শুভগাছা এলাকার মৃত আসাদুজ্জামান খানের ছেলে হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫), সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুড়িয়া গ্রামের মৃত দুদু সরকারের ছেলে মিন্টু সরকার (৫৬), মোখলেছুর রহমানের ছেলে সুজন মণ্ডল (৩২), মৃত ময়েজ মণ্ডলের ছেলে মোখলেছুর রহমান (৫৫) এবং ইলিয়াস সরকারের ছেলে সোহেল সরকার (৩৫)।

স্থানীয়দের একাংশের অভিযোগ, কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন মোসলেম উদ্দিন। পথে নান্টু সরকারের নেতৃত্বে একদল লোক তাঁর পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় মোসলেম উদ্দিনকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাত ১টার দিকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, ‘আমার ভাই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রিকে কেন্দ্র করে নান্টু সরকারের লোকজনের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে একা পেয়ে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।

’
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।