সদ্য প্রকাশিত
অনুমোদনের জন্য কাল একনেক সভায় উঠছে ২১ প্রকল্প ৫৫ দিনের সেবা ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ
খেলা

‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি

নিউজ ডেস্ক১ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপ ফুটবলের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।

তবে ভবিষ্যতে বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে—এমন যে কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যথাযথ আলোচনার কথাও বলেছেন তিনি।

ফিফার পরিকল্পনা ছিল একটি নতুন বাণিজ্যিক ইউনিট গঠন করে এর প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। এর মাধ্যমে প্রায় ৪২০ কোটি ডলার তোলার লক্ষ্য ছিল সংস্থাটির। নতুন ইউনিটটি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালনাসংক্রান্ত কার্যক্রম দেখভাল করত।

গত মঙ্গলবার প্রস্তাবটি সামনে আসার পরই এএফসিসহ বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে পড়ে ফিফা। কনফেডারেশনগুলোর অভিযোগ ছিল, পরিকল্পনাটি ঘোষণার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং এ বিষয়ে তারা আগে থেকে কিছুই জানত না।

চারদিক থেকে সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, সংশ্লিষ্ট সবার মতামত ‘মনোযোগ দিয়ে শোনার পর’ পরিকল্পনাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তটি বাতিল হওয়ার পর এএফসির ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে সংস্থাটির সভাপতি শেখ সালমান বলেন, ‘বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে—এমন যে কোনো উদ্যোগ ভবিষ্যতে যেন সময়মতো, স্বচ্ছ ও কার্যকর উপায়ে বিভিন্ন কনফেডারেশন, ফিফা কাউন্সিল, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীদারের সামনে তুলে ধরা হয় এবং এ নিয়ে যথাযথ আলোচনা করা হয়।’

শেখ সালমান আরও বলেন, ‘বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ সব সময় যথাযথ আলোচনা, যৌথ সংলাপ এবং ফুটবলের বিদ্যমান কাঠামোর প্রতি শ্রদ্ধা রেখেই গড়ে তোলা উচিত।’

এর আগে গত বৃহস্পতিবার সদস্য সংস্থাগুলোকে পাঠানো এক চিঠিতে শেখ সালমান ফিফার এ প্রস্তাব উত্থাপনের পদ্ধতিকে ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক এএফসি ফিফার অধীন ছয়টি আঞ্চলিক কনফেডারেশনের একটি। এশিয়া, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া অঞ্চলের জাতীয় দল এবং এই অঞ্চলে ক্লাব পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছে সংস্থাটি।