সিল্কসিটিনিউজ ডেস্ক:
বেলজিয়াম জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফেনেরবাচের ফরোয়ার্ড রোমেলু লুকাকু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল ছাড়ার এই সিদ্ধান্ত জানান ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার।
বিদায়বেলায় দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে লুকাকু লেখেন, ‘১৬ বছর। এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার যা কিছু ছিল, সবই উজাড় করে দিয়েছি। এই সময়ে সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়ে আমি গিয়েছি।’

সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব।
তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাকে সাহস জোগানো এবং দলের জন্য আমার ওপর আস্থা রাখার জন্য সব কোচকেও ধন্যবাদ। এটি ছিল চমৎকার একটি যাত্রা এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’
ভক্তদের ভালোবাসার কথা স্মরণ করে লুকাকু আরো লেখেন, ‘আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য বেলজিয়ামের ভক্তদের ধন্যবাদ।
চারটি বিশ্বকাপ এবং তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো আমি কখনোই ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি মানসিকভাবে শান্তিতে আছি। সময়টা অসাধারণ ও উপভোগ্য ছিল। আমি কৃতজ্ঞ।
ধন্যবাদ।’
বেলজিয়াম জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। দেশের জার্সিতে ১৩৪টি ম্যাচ খেলে তিনি ৯৫টি গোল করার পাশাপাশি ১৬টি গোলে সহায়তা (অ্যাসিস্ট) করেছেন।










