সিল্কসিটিনিউজ ডেস্ক:
চলমান ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টাদের মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়েছে। যুদ্ধ প্রত্যাশার চেয়ে বেশি প্রলম্বিত হওয়ায় ট্রাম্প নিজেও হতাশ ও বিরক্ত।
ছয় মাস ধরে চলা এই যুদ্ধ কিভাবে শেষ হবে, তা নিয়েই মতবিরোধ দেখা দিয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উসকানিতে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। শুরুতে ট্রাম্প একে স্বল্পকালীন যুদ্ধ হিসেবে অভিহিত করেছিলেন। আগের মাসে ভেনেজুয়েলা থেকে তাদের প্রেসিডেন্টকে তুলে আনার সাফল্যে উদ্বেলিত ট্রাম্প ভেনেজুয়েলা আর ইরানকে এক পাল্লায় মেপে যে ভুল করেছিলেন, এখন তাকে পদে পদে তার খেসারত দিতে হচ্ছে।

ছয় মাস পরও ইরান যুদ্ধে সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র আর কোনো অনন্ত যুদ্ধে জড়াবে না, নির্বাচনের আগে এমন অঙ্গীকার করলেও ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যে এক প্রলম্বিত যুদ্ধের ফাঁদে আটকে পড়েছেন।
যুদ্ধ কিভাবে বন্ধ হবে বা পরবর্তী করণীয় কী হবে; এসব প্রশ্নে স্পষ্টতই বিভক্ত ট্রাম্পের উপদেষ্টারা। কোনো কৌশলগত পরিকল্পনা ছাড়াই দিনের পরদিন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারেই শুধু টান পড়ছে; ইরানের নতি স্বীকারের কোনো লক্ষণ নেই।
হরমুজ প্রণালি এখনো ইরানের নিয়ন্ত্রণে। আলোচনা নিয়ে ইরানের আগ্রহ যুক্তরাষ্ট্রের চেয়ে কম।
ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এনবিসি নিউজ যুদ্ধ নিয়ে এ বিভক্তি, অনৈক্য আর হতাশার কথা তুলে ধরেছে। নাম প্রকাশ না করার শর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সহযোগী এনবিসি নিউজকে বলেছেন, এই সংঘাত এতটা দীর্ঘস্থায়ী হবে বলে আশা করেননি ট্রাম্প। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অত্যন্ত ক্ষুব্ধ ও বিরক্ত।
আমি মনে করি না, তিনি বিশ্বাস করেছিলেন যে ইরানিদের একটি চুক্তিতে রাজি করানো এতটা কঠিন হবে। যুদ্ধ কত দিন চলবে বা শেষ সীমায় পৌঁছাতে তাদের কী করা উচিত, তা নিয়ে বাস্তব কোনো কৌশল ছিল না। তিনি এটিকে একটি দীর্ঘ, টানা যুদ্ধ বানাতে চাননি।’
নাম প্রকাশ না করার শর্তে আরেক মার্কিন কর্মকর্তা বলেন, প্রশাসনের সবচেয়ে বড় সমস্যা হলো মাসের পর মাস লড়াইয়ের পরও কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে কোনো ঐকমত্য নেই। তিনি বলেন, ‘এতটা সময় পার হওয়ার পরও কোনো ঐক্য নেই। আমরা একের পর এক কৌশলগত বিজয় পেয়েছি ঠিকই, কিন্তু স্পষ্ট নীতিগত নির্দেশনা বা এটি কোন দিকে যাচ্ছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় আমরা একটি বড় ধরনের কৌশলগত পরাজয়ের মুখোমুখি হচ্ছি।’
এনবিসি নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, গত সপ্তাহে তাঁর জাতীয় নিরাপত্তাদলের সঙ্গে একটি বৈঠক চলাকালীন ট্রাম্প এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং কক্ষে উপস্থিত কর্মকর্তাদের গালাগাল করেন। তবে মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই প্রতিবেদনটি খারিজ করে দিয়ে বলেছেন, ‘এটি মিথ্যা। প্রেসিডেন্টের একটি চমৎকার দল রয়েছে, যাদের তিনি বিশ্বাস করেন এবং দলের প্রত্যেকেই জানেন যে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী।’ ইরানের প্রতি ট্রাম্পের কঠোর অবস্থানের পক্ষে সাফাই গেয়ে লিভিট বলেন, ‘তারা সমঝোতা স্মারক ভঙ্গ করবে, আমাদের সৈন্যদের হত্যা করবে এবং হরমুজ প্রণালিতে আমাদের জাহাজে গুলি চালাবে, আর তিনি (ট্রাম্প) চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না। সুতরাং যতক্ষণ না, তাদের এই আচরণ পরিবর্তন হচ্ছে, তাঁর আচরণও পরিবর্তন হবে না। ইরানকে শাস্তি দেওয়া অব্যাহত রাখতে তিনি পুরোপুরি প্রস্তুত।’
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলও একই সুর মিলিয়ে বলেন, ‘প্রতিরক্ষা বিভাগ যেকোনো মুহূর্তে প্রেসিডেন্টের নির্দেশাবলি বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত ও সজ্জিত।’ পার্নেল পেন্টাগনের ভেতরে বিভেদের গুঞ্জন প্রত্যাখ্যান করে বলেন, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন ‘সম্পূর্ণ একমত এবং ইরানের সঙ্গে জড়িত বিদেশি অভিযানের লক্ষ্য, কৌশল ও সংকল্পের বিষয়ে ঐক্যবদ্ধ।’ মুখে মুখে ঐক্যের কথা বললেও ভেতরে ভেতরে ঐক্যের সুর কেটে গেছে অনেক আগেই।
এনবিসির প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের পরবর্তী ধাপ নিয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে বিভক্তি ক্রমেই বাড়ছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বাধীন একটি পক্ষ ইরানের ওপর সামরিক চাপ বাড়ানোর পক্ষে মত দিয়েছে, যাকে সমর্থন করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফসের চেয়ারম্যান ড্যান কেইনের নেতৃত্বাধীন অপর পক্ষটি অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নিয়েছে। একটি সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদি কৌশল ছাড়া অনবরত হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ খালি করার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন কেইন। এটি একটি নির্দিষ্ট লক্ষ্যহীনভাবে সংঘাত দীর্ঘায়িত করার বিষয়ে তাদের গভীর উদ্বেগেরই বহিঃপ্রকাশ।










