সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশে সাহসিকতার সঙ্গে কৃষকদের আন্দোলন মোকাবেলা করে আলোচনার জন্ম দিয়েছেন মনিকা শুক্লা নামে এক পুলিশ কর্মকর্তা। বুধবার আন্দোলনরত কৃষকরা মিছিল নিয়ে রাজ্যের রাজধানী ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাচ্ছিল।
আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ রাস্তায় বাস রেখে ব্যারিকেড দেয়। তবে বিপুলসংখ্যক আন্দোলনকারী ঠেলে সেই বাস সরানোর চেষ্টা করছিল।
তখন মনিকা শুক্লা দুই হাত চওড়া করে বাসের সামনে দাঁড়িয়ে যান। তার এই সাহসী আচরণে আন্দোলনকারীরা রণে ভঙ্গ দেয়।

মনিকা শুক্লার বাস ঠেকিয়ে দেওয়ার ছবি ভাইরাল হয়ে গেলে তাকে সবাই ‘লেডি সিংহাম’ হিসেবে অভিহিত করেন।
বলিউডের সুপারহিট সিনেমা ‘সিংহাম’-এ অজয় দেবগন সাহসী ও সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর থেকে পুলিশের সৎ ও সাহসী অফিসারদের ‘সিংহাম’ নামে ডাকা হয়। সাহসী নারী পুলিশ কর্মকর্তাকে বলা হয় ‘লেডি সিংহাম’।
কোনো শক্তি প্রয়োগ ছাড়া সাহসের সঙ্গে আন্দোলন মোকাবেলা করায় মনিকা শুক্লা ব্যাপক প্রশংসিত হন।
তবে মনিকা শুক্লা মনে করেন, এটি বিশেষ কিছু নয়। তিনি শুধু দায়িত্বটুকু পালন করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘বাসটিকে সামনের দিকে ঠেলে দিতে দেখে আমি কেবল নিজের সহজাত প্রবৃত্তির বশে কাজ করেছি এবং এর সামনে গিয়ে দাঁড়িয়েছি, কারণ আন্দোলনকারীদের আমাকে আটকাতেই হতো।’
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখার দীর্ঘ অভিজ্ঞতা থাকায় যেকোনো পরিস্থিতির মোকাবেলা কিভাবে করতে হয় তা তিনি জানেন।
মনিকা শুক্লা বলেন, ‘বিক্ষোভকারীরা যাতে বাসটি সরাতে না পারে, সেজন্য আমি তাৎক্ষণিকভাবে বাসের সামনে গিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। আমি কোনো ভয় পাইনি। আমার যা করার দরকার ছিল, আমি সেটাই করেছি। ওই সময়ে কৃষক আন্দোলনকারীদের কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না এবং বিপুলসংখ্যক মানুষ রাজ্যের রাজধানীতে প্রবেশের চেষ্টা করছিলেন। শহরের বুকে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করাই ছিল আমার দায়িত্ব। আইন-শৃঙ্খলা বজায় রাখাই ছিল আমার একমাত্র চিন্তা।’
আন্দোলনকারীদের অধিকার সম্পর্কে সচেতন মনিকা শুক্লা বলেন, ‘আমাদের সংযমের সঙ্গে কাজ করতে হবে। বিক্ষোভকারীরা অপরাধী নন। তারাও দেশের নাগরিক এবং নিজেদের দাবিদাওয়া তুলে ধরছেন।’ দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলন সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকেরই নিজের মতপ্রকাশের অধিকার রয়েছে, তবে তা আইনের গণ্ডির মধ্যে থেকে শান্তিপূর্ণভাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় বিঘ্ন না ঘটিয়ে করা উচিত।’










