নিজস্ব প্রতিবেদক:
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো’র বিদ্যুতের ভুতুড়ে বিল প্রত্যাহার, সঠিক বিল প্রণয়ন এবং দ্রুত গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার সকালে নেসকো’র ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেওয়া স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানানো হয়।
স্মারকলিপিতে অতিরিক্ত (ভূতুড়ে) বিদ্যুৎ বিল পুনঃ যাচাই করে ভুল বিল অবিলম্বে বাতিল ও সংশোধনসহ সাত দফা দাবি জানানো হয়। এছাড়া নেসকো কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়। এসময় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশল মশিউর রহমান দাবিসমুহ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এর আগে সকালে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নেতাকর্মীরা রাজশাহী কলেজে শহীদ মিনারে জমায়েত হোন। পরে সেখান থেকে নেসকো কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দাখিল করেন।
এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপার সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সাবেক ছাত্রনেতা রায়হান সম্রাট, প্রকৌশলী খাজা তারেক, জাহিদ হাসান, রাবেয়া খাতুন, শাহনাজ পারভীন সাগরি, রাশেদা বেগম, মো. আল আমিন, সাংবাদিক আফরোজা খান হেলেন, পবা উপজেলা বাপার সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে বিপুল সংখ্যক গ্রাহক অস্বাভাবিক, অতিরিক্ত ও বাস্তব ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিদ্যুৎ বিল পাচ্ছেন। একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেও পূর্ববর্তী মাসগুলোর তুলনায় অনেক ক্ষেত্রে দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত বিল আসছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি ও আর্থিক চাপ সৃষ্টি করেছে।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, বিলের অসঙ্গতি নিয়ে নেসকোর কার্যালয়ে অভিযোগ করতে গেলে অনেক গ্রাহককে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। কোথাও সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, আবার কোথাও অভিযোগ গ্রহণে অনীহা বা দীর্ঘসূত্রিতার কারণে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন।









