সিল্কসিটিনিউজ ডেস্ক:
৬৮ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অনলাইন ডেটিং প্ল্যাটফরমে পরিচিত হওয়া ১৪ জন নারীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। জার্মান প্রসিকিউটররা আরো অভিযোগ এনেছে, ধর্ষণের ভিডিও ধারণ করছেন অভিযুক্ত।
বার্লিনের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, তার বিরুদ্ধে ১৪ জন নারীকে নিয়ে ২২টি গুরুতর ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, তবে তিনি মোট ৫৮ জন নারীকে ধর্ষণ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

কর্মকর্তাদের মতে, ২০২৫ সালের মার্চে একটি গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালে আগে থেকেই নজরদারিতে থাকা আরেক ব্যক্তির চ্যাট লগে ৬৮ বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম উঠে আসে। ওই অন্য ব্যক্তি ইতিমধ্যে মারা গেছেন।
তবে গত বছর অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পরে জব্দ করা মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে ফরেনসিক বিশেষজ্ঞরা এমন কিছু ভিডিও উদ্ধার করেন, যা থেকে একাধিক যৌন অপরাধের তথ্য সামনে আসে।
প্রসিকিউটররা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিটি ২০২৬ সালের মার্চ মাস থেকে বিচারপূর্ব আটকাবস্থায় রয়েছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। তারা আরো বলেন, এখন বার্লিনের আদালতই সিদ্ধান্ত নেবে যে মামলাটি বিচারের দিকে এগোবে কি না।
অভিযোগ উঠেছে, সন্দেহভাজন ব্যক্তি অনলাইনে নারীদের সঙ্গে পরিচিত হওয়ার পর তাদের ঘুমের ওষুধ ও অ্যালকোহলের মিশ্রণ খাইয়ে ধর্ষণ করত। এখন পর্যন্ত যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেই নারীদের কেউই ধর্ষণের শিকার হওয়ার কথা মনে করতে পারেননি এবং তদন্তকারীদের উদ্ধার করা ভিডিও দেখানোর পরেই তারা বিষয়টি জানতে পারেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিওগুলোতে থাকা ৫৮ জন নারীর মধ্যে ৩০ জনকে শনাক্ত করা হয়েছে এবং আরো ১০ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এর আগে ধর্ষণের দায়ে ৩২ বছর বয়সী এক চীনা বংশোদ্ভূত ডাক্তারকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই মামলাটি সামনে এসেছে।
বার্লিনের আঞ্চলিক আদালত জানিয়েছে, তিনি এমন একটি চ্যাট গ্রুপের অংশ ছিলেন, যেখানে চেতনানাশক প্রয়োগ করা নারীদের ধর্ষণের বিষয়ে তথ্য আদান-প্রদান করা হতো।
৩২ বছর বয়সী ওই ব্যক্তি গ্রুপের অন্য সদস্যদের বারবার পরামর্শ দিয়েছিলেন বলেও প্রমাণিত হয়েছে।
বিচারক বলেছেন, ‘যৌন অপরাধ এখন আর নীরবে ও গোপনে সংঘটিত হয় না, বরং ইন্টারনেটে প্রকাশ্যে শেয়ার করা হয়।’
সর্বশেষ এই মামলায় প্রসিকিউটররা বলছেন, পাঁচ বছরের সময়সীমার কারণে ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে ৬৮ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে আনা ৩৬টি ধর্ষণের অভিযোগগুলো তাদের প্রত্যাহার করতে হয়েছে।
তার বিরুদ্ধে আনা গুরুতর ধর্ষণের ২২টি অভিযোগের ক্ষেত্রে বিচারের জন্য ২০ বছরের সময়সীমা প্রযোজ্য। যদিও জার্মানিতে বর্তমানে ধর্ষণের অনেক মামলার বিচারের সর্বোচ্চ সীমা পাঁচ বছর। গত মাসে আইনমন্ত্রী স্টেফানি হুবিগ বলেছেন, তিনি মনে করেন এই সময়সীমা বাড়িয়ে ২০ বছর করা উচিত।
হুবিগ আইনে এমন পরিবর্তনেরও প্রস্তাব করেছেন, যেখানে ধর্ষণ বা ডাকাতির উদ্দেশ্যে তথাকথিত ‘ডেট-রেপ ড্রাগস’ ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত যেকোনো ব্যক্তির ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড হয়।
দুই বছর আগে জার্মানির সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল, পানীয়ের সঙ্গে মেশানো ‘ডেট-রেপ ড্রাগস’ যৌন নিপীড়নের ক্ষেত্রে ‘বিপজ্জনক সামগ্রী’ হিসেবে গণ্য হবে না। আইনমন্ত্রী বলেছেন, এর অর্থ হলো বাস্তবে ন্যূনতম সাজা হবে তিন বছর।
এখন তার খসড়া সংশোধনীতে সরকার বলছে, ভবিষ্যতে যৌন অপরাধ বা ডাকাতি সংঘটনের সময় ব্যবহৃত সব বিপজ্জনক সামগ্রী ও পদার্থ, অন্য যেকোনো অস্ত্র বা বিপজ্জনক সরঞ্জামের পাশাপাশি তালিকাভুক্ত করা হবে।










