রাজশাহী

রাজশাহীতে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে অধ্যাপক ড. মজিবুল হক

নিউজ ডেস্ক১১ জুলাই ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শনিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে একটি বৈজ্ঞানিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এর আয়োজন করে আমেরিকান ওয়েলনেস সেন্টার।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, ওয়াশিংটন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত চিকিৎসাবিজ্ঞান বিভাগের অধ্যাপক, যুক্তরাষ্ট্রের সমন্বিত চিকিৎসা কেন্দ্রের পরামর্শক এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মজিবুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকার্তা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমান।

অধ্যাপক ড. মজিবুল হক বলেন, বর্তমানে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক), ডায়াবেটিস, কিডনি রোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে। এসব রোগের পেছনে বংশগত কারণের পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ ও শারীরিক নিষ্ক্রিয়তা বড় ভূমিকা রাখছে।

তিনি বলেন, দিনের শুরুতে খালি পেটে চা বা কফি পান না করে পর্যাপ্ত পানি পান করা, পুষ্টিকর নাশতা গ্রহণ এবং শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখা সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাদ্যাভ্যাস বিষয়ে তিনি অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়, ভাজাপোড়া ও ট্রান্স ফ্যাটসমৃদ্ধ খাবার এড়িয়ে মৌসুমি ফল, শাকসবজি, স্বাস্থ্যকর চর্বি, মানসম্মত প্রোটিন এবং পরিমিত শর্করা গ্রহণের পরামর্শ দেন।

ডায়াবেটিস প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু রক্তে শর্করা বৃদ্ধির সমস্যা নয়; বরং শরীরের বিপাকীয় ব্যবস্থার একটি জটিল পরিবর্তন। তাই ওষুধের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা জরুরি।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য পাঁচটি বিষয়ে গুরুত্ব দিতে হবে—সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়তা করা এবং মানসিক প্রশান্তি বজায় রাখা।
বিশেষ অতিথি গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ বলেন, দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন। এ ধরনের উদ্যোগ মানুষকে স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণে আরও উৎসাহিত করবে।

সেমিনারের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস, হৃদরোগ, খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ, ফ্যাটি লিভার ও দৈনন্দিন স্বাস্থ্যচর্চা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। অধ্যাপক ড. মজিবুল হক বৈজ্ঞানিক তথ্যের আলোকে প্রশ্নগুলোর উত্তর দেন এবং রোগ হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।