গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা তারেক হোসেনের নামে থাকা চারটি দলিলভুক্ত বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন রাজশাহীর সিনিয়র স্পেশাল জজ আদালত।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, ক্রোকাদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পত্তি কোনোভাবেই হস্তান্তর, বিক্রয়, বিনিময়, রূপান্তর বা দায়যুক্ত করা যাবে না।

মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত মো. তারেক হোসেন (৩৬) গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের বাসিন্দা। তার নামে থাকা বাজে তিরিন্দা ও মাছমারা মৌজার মোট চারটি দলিলভুক্ত জমি ক্রোক করা হয়েছে। এসব জমির মোট পরিমাণ প্রায় ২১০.৭৫ শতাংশ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে এই ক্রোকাদেশ জারি করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে অবৈধ সম্পদ স্থানান্তর বা রূপান্তর করতে না পারেন, সে লক্ষ্যে এ ধরনের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।
আদালতের নির্দেশ বাস্তবায়নে জেলা রেজিস্ট্রার, গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।









