সিল্কসিটিনিউজ ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর (আউটসোর্সিং) সাব্বির হোসেন শাওন (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বানাইল পশ্চিমপাড়া এলাকায় তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে ফরম পূরণ না করার অভিযোগে দায়ের করা মামলায় তিনি প্রধান আসামি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণের কথা বলে ছয় শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা গ্রহণ করেন সাব্বির হোসেন শাওন। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন, তাদের কারো ফরম পূরণ করা হয়নি এবং কোনো প্রবেশপত্রও ইস্যু হয়নি। এরপর বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগীরা থানায় মামলা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফরম পূরণের নামে টাকা গ্রহণ ও আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। পরে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরো জানান, মামলার তদন্ত চলছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









