সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

নিজ গৃহেই কারাবাস বলসোনারোর

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২৬৩ মিনিট পড়া
নিজ গৃহেই কারাবাস বলসোনারোর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো নিজ গৃহেই অন্তরীণ থাকতে পারবেন। গণ-অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন ডানপন্থী এই সাবেক প্রেসিডেন্ট।

বলসোনারোর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাস তাকে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত বহাল রাখেন। স্বাস্থ্যগত কারণে মানবিক বিবেচনায় সুপ্রিম কোর্ট তাকে সাধারণ কারাগারে না পাঠিয়ে নিজ ঘরেই কারাভোগের অনুমতি দেন।

২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো। কিন্তু ক্ষমতা ধরে রাখতে সামরিক অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে ২০২৫ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়।

পরের মাসে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারের পর প্রথমে তাকে নিজ গৃহেই অন্তরীণ রাখা হয়েছিল। তখন তার পায়ে ইলেকট্রনিক বেড়ি পরিয়ে দেওয়া হয়। কিন্তু সোল্ডারিং আয়রন দিয়ে ইলেকট্রনিক বেড়ি কাটার চেষ্টা এবং তার বাসার সামনে সমর্থকদের ভিড়ের কারণে গত নভেম্বরে তাকে প্রথমে ব্রাসিলিয়ার পুলিশ সদর দপ্তরের একটি সেলে অবরুদ্ধ রাখা হয়।

গত জানুয়ারিতে তাকে পাপুদা কারাগারে স্থানান্তর করা হয়।
কারাগারে নিউমোনিয়া ও কিডনি জটিলতায় আক্রান্ত হলে ৭১ বছর বয়সী বলসোনারোকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। গুরুতর শারীরিক অসুস্থতার কারণে গত ২৪ মার্চ তাকে ৯০ দিনের জন্য গৃহবন্দি রাখার সিদ্ধান্ত দেন আদালত। ৯০ দিনের মেয়াদ শেষ হলে আইনজীবীরা তার গৃহবন্দিত্ব বহাল রাখার আবেদন জানায়। স্বাস্থ্যগত কারণে সুপ্রিম কোর্ট সে আবেদন মঞ্জুর করেন।

বলসোনারোকে গৃহবন্দি রাখার এ সিদ্ধান্ত ব্রাজিলের রাজনীতিতে আপাত স্বস্তি ফিরিয়ে এনেছে। অসুস্থ বলসোনারোক সাধারণ কারাগারে পাঠানো হলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছিল। ২৭ বছরের সাজার কারণে ২০৩০ সাল পর্যন্ত বলসোনারো নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাধারণ কারাগারে থাকতে হলে তাকে বিচ্ছিন্ন জীবনযাপন করতে হতো। গৃহবন্দি থাকলে তিনি পরিবার এবং দলের নেতাদের সঙ্গে পরোক্ষ যোগাযোগ রক্ষা করতে পারবেন। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে নিজে অংশ নিতে না পারলেও গৃহবন্দি থাকলে তিনি আড়াল থেকে কলকাঠি নাড়ার সুযোগ পাবেন। বিরোধী জোটের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

 

সুপ্রিম কোর্টের বিচারপতি মোরাস তার রায়ে উল্লেখ করেছেন, ৯০ দিনের গৃহবন্দি থাকার সময়ে সাবেক প্রেসিডেন্টর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে। তাছাড়া গৃহবন্দি থাকার সময় তার বিরুদ্ধে ‘গুরুতর অসদাচরণের’ কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রায়ে বলা হয়, ‘এই মুহূর্তে, মানবিক কারণে গৃহবন্দিত্ব বজায় রাখা যুক্তিসংগত, উপযুক্ত বলে মনে হচ্ছে।’ যদিও গত মাসে একটি পুলিশ চেকপয়েন্টে তল্লাশির সময় বলসোনারোর নিরাপত্তা কর্মীদের একজনের কাছ থেকে তার মালিকানাধীন একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছিল। তবে আদালতের রায়ে সে ঘটনার কোনো প্রভাব পড়েনি। আদালতে বলসোনারোর আইনজীবীরা তার উন্নত চিকিতসার জন্য গৃহবন্দি রাখার আবেদন জানায়। আদালতের অনুরোধে ব্রাজিলের অ্যাটর্নি জেনারেল পাওলো গোনেট আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সত্ত্বেও সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দি রাখার সুপারিশ করেছিলেন।