সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাতের অন্ধকারে চলছে ট্রেন, এর মধ্যে বাইরে ঝুমবৃষ্টি। এ অবস্থায় চলন্ত ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাগ্বিতণ্ডা শুরু করেন দুই ব্যাক্তি।
এক পর্যায়ে ২১ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে অন্য জনের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে ভারতের মুম্বাইয়ে গোরেগাঁও ও কান্দিভালি স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিহত যুবকের নাম ময়াঙ্ক লোহার। তিনি ওই ট্রেনের চার্চগেট-নালাসোপারা ফাস্ট লোকাল ট্রেনের প্রথম শ্রেণির বগিতে ভ্রমণ করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রবল বৃষ্টির মধ্যে গোরেগাঁও ও কান্দিভালি স্টেশনের মাঝামাঝি সময়ে আরেক যাত্রীর সঙ্গে ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে তার বাগ্বিতণ্ডা শুরু হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরে কালো পোশাক পরা অভিযুক্ত হাতে ছুরি নিয়ে হামলার পর বগির ভেতর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ট্রেনের আসনের ওপর রক্তের দাগও দেখা যায়।
ভিডিওটিতে আতঙ্কিত যাত্রীদের বলতে শোনা যায়, ‘সে তাকে মেরে ফেলেছে।
’ এ ঘটনায় অভিযুক্ত রোশন সুবর্ণাকে পরে মুম্বাইয়ের কুরলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।।
পশ্চিম রেলওয়ে পুলিশের তথ্য মতে, তর্ক এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন যাত্রী অভিযুক্তকে মারধর করতে শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোশন তার ব্যাগ থেকে একটি ছুরি বের করে ময়াঙ্কের ওপর হামলা চালায়।
বোরিভালি রেলওয়ে পুলিশের সিনিয়র পুলিশ পরিদর্শক দত্তা খুপরেকর বলেন, ‘বৃষ্টির মধ্যে ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে দুই যাত্রীর মধ্যে ঝগড়া হয়।
এ সময় অভিযুক্ত ছুরি দিয়ে ভুক্তভোগীকে আঘাত করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
পুলিশ জানিয়েছে, ময়াঙ্ক ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন নিহতের পরিবারের সদস্যরা। ময়াঙ্কের মা কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, তার ছেলে কখনো কারো সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াত না।
নিহতের বোনও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, ‘রাত সাড়ে ১০টার সময় এত মানুষ ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। আজ যদি শাস্তি না হয়, কাল আবার কেউ এভাবে নিহত হবে।’
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।










