সিল্কসিটিনিউজ ডেস্ক:
তেহরান হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমনটি জানানোর পর ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবারের এই হামলার পর সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সন্দেহ আরও গভীর হচ্ছে আর এতে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে লিখেছে রয়টার্স।

সামাজিক মাধ্যম এক্স এ মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের এয়ার ডিফেন্স, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও নজরদারি রেডার স্থাপনাগুলোকে লক্ষ্যস্থল করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযানকে সম্প্রতি মার্কিন বাহিনী ও বাণিজ্যিক জাহাজের ওপর চালানো হামলার ‘আনুপাতিক প্রতিক্রিয়া’ বলে বর্ণনা করেছে।
এবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, “আমি বিশ্বাস করি প্রতিক্রিয়াটি অত্যন্ত জোরালো, অত্যন্ত শক্তিশালী হওয়া উচিত আর এটি তাই হয়েছে।”
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টার দিকে (ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বিকাল ৫টা) আঘাত হানা শুরু হয় আর ভোররাত সাড়ে ৪টার আগে শেষ হয় (ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৯টার আগে) ।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপ ও বন্দর শহর সিরিকে হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সূত্রগুলোকে উদ্ধৃত করে তারা জানায়, নিকটবর্তী বন্দর আব্বাসে ও পরে হরমুজ প্রণালির প্রবেশ মুখের কাছে অবস্থিত জাস্ক কাউন্টিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্র: বিডিনিউজ ২৪









