সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির ওপর ‘আত্মরক্ষার্থে’ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অবস্থিত ইরানের একটি সামরিক স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলা প্রচেষ্টার জবাব দিতে এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা রক্ষায় তারা এই পদক্ষেপ নিয়েছে।
অন্যদিকে, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ওই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টারে পাল্টা হামলা চালিয়েছে। একই সাথে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার জন্য মার্কিন বাহিনীকে চরম মূল্য দিতে হবে।

সেন্টকম আরো জানিয়েছে যে, ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার মধ্যে বাহরাইনের দিকে ছোঁড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কুয়েতের দিকে ছোঁড়া দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
এ ছাড়া আঞ্চলিক জলসীমায় চলাচলকারী বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরানের ছোঁড়া আরো তিনটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এই ঘটনার আগে হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের নৌ অবরোধের অংশ হিসেবে বতসোয়ানার পতাকাবাহী ‘এম/টি লেক্সি’ নামের একটি খালি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয় আমেরিকা।
মার্কিন সামরিক বাহিনী গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে সব ধরনের জাহাজের প্রবেশ ও প্রস্থানের ওপর এই নৌ অবরোধ কার্যকর করা শুরু করেছে। সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ছয়টি বাণিজ্যিক জাহাজ অচল করা হয়েছে এবং ১২২টি জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এই সংঘর্ষের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের সামনে হাজির হয়ে সংঘাত অবসানের কৌশল নিয়ে কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার কোনো প্রস্তাব মার্কিন আলোচকরা দেননি। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি সম্পূর্ণ শর্তসাপেক্ষ হবে এবং তা শুধুমাত্র ইরানের পারমাণবিক কর্মসূচির সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে।
সূত্র : বিবিসি










