রাজশাহী

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল করার উদ্যোগ এমপি মিলনের

নিউজ ডেস্ক৫ মে ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে একটি সম্মানজনক স্থানে পৌঁছে দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া উন্নয়ন ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সোমবার দুপুরে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি প্রতিটি শিশু-কিশোরের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। সঠিক নৈতিক শিক্ষার অভাবেই অনেক তরুণ বিপথগামী হয়ে পড়ে। তাই ভবিষ্যতের নেতৃত্ব দিতে সক্ষম, মানবিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণদের দলগত চেতনা, শৃঙ্খলা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। একটি দলের সম্মিলিত প্রচেষ্টা যেমন মাঠে বিজয় নিশ্চিত করে, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেও সাফল্যের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও নিয়মিত অনুশীলন। এই শিক্ষা তরুণদের ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে সহায়ক হবে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, আধুনিক ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কামাল উদ্দিন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন এবং জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।

অন্যদিকে, পবার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন এবং নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।