নিজস্ব প্রতিবেদক:
পাবনা শহরের লাকি বোর্ডিং নামে আবাসিক হোটেলের কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলা কাটা লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আওরঙ্গজেব রোডে ওই হোটেলের কক্ষ ভেঙে প্রবেশ করে পুলিশ দেখতে পায় এই গলা কাটা লাশ।
নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাবে তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলা কাটা মরদেহ দেখতে পায়। মরদেহের গলায় গভীর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনার পর থেকেই হোটেলটির মালিক ও কর্মচারীরা আত্মগোপনে রয়েছেন।
হোটেলটি বন্ধ অবস্থায় রয়েছে। এতে করে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। মরদেহ হোটেলেই রাখা হয়েছে।
সিরাজগঞ্জ থেকে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর তদন্ত শুরু হবে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’









