চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে জ্বালানি তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জ্বালানি তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বুধবার বেলা ১১ টার দিকে ভোলাহাট উপজেলার ভুক্তভোগী জনগণের আয়োজনে মেডিকেল মোড় চৌরাস্তায় এই মানববন্ধন হয়। গত ২৭ তারিখ দিবাগত গভীর রাতে ফলিমারি বিলের মধ্যে অবস্থিত হিরো ভাটায় তেল পাচারকালে ১টি তেলবাহী গাড়ি, ১টি নসিমন, ৪টি ট্রলি ও ২টি চার্জার ভ্যান হাতেনাতে জব্দ করে ভোলাহাট থানা পুলিশ। সেসময় থেকে মানববন্ধন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, বিএনপি নেতা জোহুরুল হক, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি রহমত আলী, ভোলাহাট উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাসুদ রানা, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, উপজেলার সফল কুষক ইউনুস আলী, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল আজিম, যুবদল নেতা জুবায়ের হাসান, মতিউর রহমান, উপজেলা শিবিরের পশ্চিম শাখার সাবেক সাধারণ সম্পাদক বারিউল ইসলাম, উপজেলা পশ্চিম শাখার সভাপতি সালাউদ্দিন আইয়ুবি।

উপজেলা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোহুর আহমেদ দুলাল, ছাত্রদল নেতা আলমগির হোসেন, খাইরুল সাকিব সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তেলপাচারের সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময় বেঁধে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতরা গ্রেফতার করতে ভোলাহাট থানা পুলিশ ব্যর্থ হন তাহলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এবিষয়ে সর্বশেষ খবর জানতে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোটভাই সাখাওয়াত হোসেন মজু (৪০) এবং পাম্পের ম্যানেজার রিদয় (২৬) কে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।