রাজশাহী

সংঘর্ষে উত্তাল রাজশাহী, ২৪ ঘণ্টায় জড়িতরা আটক না হলে কর্মবিরতির হুঁশিয়ারি

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নকে ঘিরে চলমান অস্থিরতা ও সাধারণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নগরীর আমজাদের মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জরুরি এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসের সুপারভাইজার সপন।

তিনি অভিযোগ করে বলেন, বাসচালক লিটন শ্রমিকদের একটি সমস্যা নিয়ে আলোচনার জন্য শ্রমিক নেতা ফেরদৌসের কাছে গেলে সমাধানের পরিবর্তে তাকে এবং তার সঙ্গে থাকা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনার প্রতিবাদে সেদিন সন্ধ্যায় সাধারণ শ্রমিকরা বিক্ষোভে নামে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফেরদৌস ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগতদের নিয়ে সাধারণ শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা পিস্তল দিয়ে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সংবাদ সম্মেলন থেকে দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো ২৪ ঘণ্টার মধ্যে ফেরদৌস ও রফিকুল ইসলাম পাখিসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং ইউনিয়নের বর্তমান দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগ নিশ্চিত করে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। সেই নির্বাচনে যেই বিজয় অর্জন করবে তাকে আমরা মেনে নেবো।

দাবি মানা না হলে শুক্রবার থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বর্তমান ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। শ্রমিকদের দাবি, সাধারণ শ্রমিকদের জানমাল রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, বিষয়টি শ্রমিকদের অভ্যন্তরীণ।

তবে কোনো ফৌজদারি অপরাধ ঘটলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।