নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে তীব্র দাবদাহের মধ্যে পেট্রোল পাম্পে তেল নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ওই বৃদ্ধের নাম আলম দেওয়ান (৬০)। তিনি কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে প্রখর রোদের মাঝে কেশরহাট পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ওই ব্যক্তি হিটস্ট্রোকেই মারা গেছেন। মৃত আলাউদ্দিনের পরিবার যদি সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের আবেদন করে, তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সাহায্য করা হবে।”
অন্যদিকে, মোহনপুর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিহতের বাড়িতে গিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।









