গোমস্তাপুর( চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের তেলিপাড়া বাজারে তার সহপাঠী ও অভিভাবকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। নিহত শরিফা স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী ছিল।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় তারা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, শিশুটির লাশের ময়নাতদন্ত সোমবার সম্পন্ন করে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল আওয়াল। তিনি জানান, রোববার রাতে শিশুটির নানা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আটক শিশুটির দুলাভাইকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে ছয় বছর বয়সী নিখোঁজ শরিফার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার সে তার নানার সঙ্গে আলিনগর মকরমপুরে একটি তাফসীর মাহফিলে এসে নিখোঁজ হয়। পরে তার দুলাভাই তাকে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে রাখে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি তোফাজ্জল হক। এতে বক্তব্য রাখেন বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াত নেতা ডা. আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন এবং দাড়িপাতি নূরানি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ অন্যান্যরা।
বক্তারা শিশু শরিফা হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।









