সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ভোটগ্রহণ সম্পন্ন: চলছে গণনা

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে ভোটগ্রহণ সম্পন্ন: চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা ভোট দিতে আসেন কেন্দ্রগুলোতে।
মহানগরীসহ জেলার ১৫টি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রথমবারের মত অনুষ্টিতে জেলা পরিষদ নির্বাচনে এবার রাজশাহীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলু (তালগাছ প্রতীক) এবং একই দলের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আনারস প্রতীক)।
রাজশাহী সিটি করপোরেশনসহ জেলার ১৪টি পৌরসভা, ৯টি উপজেলা পরিষদ ও ৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক হাজার ১৭১ জন জনপ্রতিনিধি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে সকাল থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৯৬ জন। আর নারী ২৭৫ জন। প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে মোট ১৫টি কেন্দ্রের ৩০টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রাজশাহীতে চেয়ারম্যান পদ ছাড়াও সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের পর সাধারণ সদস্য পদ নিয়ে ১৫ জন ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদ নিয়ে পাঁচ জন যাবেন জেলা পরিষদে। তবে এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের এক প্রার্থী ও সাধারণ সদস্য পদের চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর ভোটারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন একজন। তাই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চেয়ারম্যান পদের নির্বাচন।
নির্বাচনের রিটার্নিং অফিসার রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার ৯ উপজেলায় বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নির্বাচনের পর আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি কোথাও সহিংসতার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে।
স/আর