নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তির মঞ্চে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছেন রাজশাহীর কৃতি সন্তান জুনায়িদ আহমাদ রিফাত ও তাঁর দল। ‘ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবটিক্স ও স্টেম অলিম্পিয়াড ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন তারা।
‘টিম ইবনে ফিরনাস’-এর নেতৃত্বে উদ্যোক্তা ও প্রকল্প বিষয়ক ১১-১২ শ্রেণির সবুজ বিভাগে ‘নেক্সটজেন মোবাইল প্লাজমা ইটিপি’ প্রকল্প প্রদর্শন করেন জুনায়িদ ও তাঁর দল। অসাধারণ এই প্রকল্পের জন্য তারা ব্রোঞ্জ পদক ও সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে রাজশাহী ও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তারা।

বিজ্ঞানের বিভিন্ন প্রতিযোগিতায় জুনায়িদ আহমাদ রিফাতের সাফল্য অবশ্য নতুন নয়। এর আগে ‘অষ্টম বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২৬’-এ তাঁর দল রৌপ্য পদক অর্জন করে। একই সঙ্গে মালয়েশিয়ায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে দলটি।
জাতীয় পর্যায়েও রয়েছে জুনায়িদের একাধিক অর্জন। ২০২৬ সালের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সিনিয়র গ্রুপে উপজেলা পর্যায়ে প্রথম এবং জেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।
এছাড়া নটর ডেম বার্ষিক বিজ্ঞান উৎসব, রাজউক বিজ্ঞান উৎসব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প প্রদর্শনীতেও তাঁর উদ্ভাবিত প্রকল্প পুরস্কার অর্জন করেছে।
শৈশব থেকেই মেধাবী জুনায়িদ বর্তমানে ঢাকায় অবস্থান করে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় তাঁর ধারাবাহিক সাফল্য রাজশাহীর তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার পাশাপাশি গর্বের বিষয় হয়ে উঠেছে।
জুনায়িদ আহমাদ রিফাত ও তাঁর পুরো দলের এই সাফল্যে রাজশাহীবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।









