আন্তর্জাতিক

৪৩ বছরে ৫৩ বিয়ে করে মনের মানুষ অর্জন 

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০২২২ মিনিট পড়া
আবু আব্দুল্লাহ। ফাইল ছবি
আবু আব্দুল্লাহ। ফাইল ছবি

সিল্কসিটি নিউজ ডেস্ক:

‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তায় সকল খানে।’ গানটির মর্মার্থ বুঝতে একটু এদিক-ওদিক করে ফেলেছিলেন সৌদি আরবের আবু আবদুল্লাহ। তাই ‘মনের মানুষ’ খুঁজে পেতে গত ৪৩ বছরে বিয়ে করেছেন ৫৩টি। এরপরও নাকি তিনি গুনগুন করে গাইছেন, ‘দেখা মেলে না মেলে না’।

বিয়ে করেই টক অব দ্য টাউন হয়েছেন আবু। সম্প্রতি ডেইলি শবকে সংবাদ প্রচারের পর ভাইরাল হয়েছেন তিনি। তাকে ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় এক পক্ষ আবুকে সমর্থন দিয়ে বলছে, চালিয়ে যাও অ্যাডভেঞ্চার। আর অন্য পক্ষ নাক সিঁটকে বলছে, ‘ব্যাটা দেখি পলিগামিস্ট অব দ্য সেঞ্চুরি তথা শতাব্দীর সেরা বহুগামী।’ সবার বেলায়ই সিরিয়াস ছিলেন তিনি। সব বিয়ের অনুষ্ঠানই হয়েছিল যাবতীয় নিয়ম মেনে। যদিও এর মাঝে এক স্ত্রী তাকে ছেড়ে যান একদিনের মাথাতেই।

আবুর বিবাহযাত্রা শুরু, যখন তার বয়স ২০ বছর। বিয়ে করেন নিজের চেয়ে ৬ বছরের বড় এক নারীকে। পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেন, তখন মনে হয়েছিল ওই স্ত্রীই তার ধ্যানজ্ঞান। কিন্তু ধ্যান ভাঙে তিন বছরের মাথায়। আবু তার প্রথম স্ত্রীকে বলেন, “তিনি তাকে মন দিয়ে স্থির হতে পারছেন না। ‘স্থিরতা’ আনতে আরেকটা বিয়ে করা চাই।”

এরপর ঘরে আসে দ্বিতীয় বউ। দুই স্ত্রীর মাঝে কলহ লেগেই থাকত। যে কারণে আরও দু’জনকে বিয়ে করেন আবু এবং এর কিছুদিনের মাথায় প্রথম ও দ্বিতীয় জনের সঙ্গে হয়ে যায় বিচ্ছেদ। এরপর একই কলহ চক্রে পড়ে যান তৃতীয় ও চতুর্থ জনও। একে একে আরও অনেকে এলো-গেল।
সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার মুহূর্তে আবু আবদুল্লাহ।

আবুর বয়স এখন ৬৫ পেরিয়েছে। সাংবাদিককে তিনি বলেন, আপাতত আর বিয়ে করবেন না। তবে সর্বশেষ এখন যার সঙ্গে সংসার করছেন, তিনিই তার মনের মানুষ কিনা, সে ব্যাপারেও জোর গলায় কিছু বলেননি। সূত্র : কালবেলা

এএইচ/এস

 

ট্যাগ: