সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাপানের পুলিশ এশীয় এক কালো ভালুকের খোঁজ করছে। দেশটির একটি শহরে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে ঢুকে ফ্রিজের খাবার খেয়ে ফেলেছে সেই ভালুক।
কর্তৃপক্ষের ধারণা, গত দুই সপ্তাহে শহরের ১৪টি চুরির ঘটনাগুলোর পেছনে এই একই ভালুক থাকতে পারে।
সোমবার সন্ধ্যায় ৮৭ বছর বয়সী মিৎসুও মাতসুবারা রান্নাঘর থেকে শব্দ শুনে দেখতে গেলে সেখানে একটি বড় এশীয় কালো ভালুক দেখতে পান। ভালুকটি তার বাড়িতে ঢুকে ফ্রিজ খুলে ফেলেছিল এবং খাবারদাবার মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পরে তার স্ত্রী পুলিশকে খবর দেন।

উত্তর-পূর্ব জাপানের শিজুকুইশি শহরে এ পর্যন্ত পাঁচটি বাড়িতে ভালুকের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের ধারণা, একই ভালুক বারবার এসব ঘটনা ঘটাচ্ছে।
ভালুকটিকে ধরতে কর্তৃপক্ষ ফাঁদ বসিয়েছে, বারবার লক্ষ্যবস্তু হওয়া বাড়িগুলোর চারপাশে বৈদ্যুতিক বেড়া দেওয়া হয়েছে এবং এলাকাবাসীকে সতর্ক করতে টহল জোরদার করেছে। এসব ঘটনার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত শুক্রবার আরেক বাসিন্দা বাজার থেকে বাড়ি ফিরে দেখেন, তার বৃদ্ধ বাবা যে ঘরে ঘুমাচ্ছিলেন তার কাছেই একটি ভালুক বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। তিনি পাশের একটি দরজায় জোরে ধাক্কা দিলে ভালুককটি বাইরে বেরিয়ে যায়। তবে কিছুক্ষণ আবার ঘরে ঢোকার চেষ্টা করে। তখন ভালুকটি পেছনের দুই পায়ে দাঁড়িয়ে দরজা দিয়ে ঢুকতে চাইলে ওই ব্যক্তি প্রায় ৩০ সেকেন্ড ধরে স্লাইডিং দরজাটি বন্ধ করে রাখার জন্য লড়াই করেন। তার বর্ণনা অনুযায়ী, ভাল্লুকটির উচ্চতা ছিল প্রায় ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)।
পরের সন্ধ্যায় এক নারী তার রান্নাঘরে একটি ভালুককে খাবার খুঁজতে দেখেন। এরপর একটি জাপানি মিষ্টির দোকানে ঢুকে ফ্রিজ থেকে ডোনাট নিয়ে যায়। মিষ্টি খাবারের প্রতি ভালুকটির বিশেষ আকর্ষণ রয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা। কারণ, একটি বাড়িতে পাঁচবার ঢুকে কুকিজ, চিনি এবং কারিন্তো নামের জাপানি মিষ্টি খেয়েছে ভালুকটি।
সাম্প্রতিক বছরগুলোতে জাপানে ভাল্লুকের হামলা ও প্রাণহানির ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। জাপানে সাম্প্রতিক সময়ে ভালুকের আক্রমণ বেড়ে যাওয়ায় এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ভালুকের হামলায় রেকর্ড ১৩ জন নিহত হয়েছিলেন। এ ছাড়া চলতি অর্থবছরের শুরু থেকে, অর্থাৎ ১ এপ্রিলের পর থেকে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহত সবাই উত্তর-পূর্ব জাপানের তোহোকু অঞ্চলের বাসিন্দা।
বিশেষজ্ঞদের মতে, গ্রামাঞ্চলে জনসংখ্যা কমে যাওয়ায় ভালুকগুলো মানুষের বসতিতে ঢুকতে আগের তুলনায় কম ভয় পাচ্ছে। অনেক ভালুক মানুষের প্রতি তাদের স্বাভাবিক ভয়ও হারিয়ে ফেলেছে, ফলে শহর ও জনবসতিপূর্ণ এলাকায় তাদের উপস্থিতি বাড়ছে।










