নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলায় ১০ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে দেওয়া নোটিশে প্রাপক হিসেবে তাবকীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, শাহারিয়ার আলম ও সাজু-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে সাজুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থাকা নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।









