সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খোলার ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে ন্যাটো মিত্রদের সাথে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সুইডেনের হেলসিংবার্গে আয়োজিত এক বৈঠকে সাংবাদিকদের সাথে আলাপকালে রুবিও বলেন, হরমুজ প্রণালীতে ‘যদি কেউ গুলি চালায়, তবে আমাদের একটি ‘প্ল্যান বি’ (বিকল্প পরিকল্পনা) থাকতে হবে।’

ইরানের প্রসঙ্গে রুবিও বলেন, ‘আদর্শগতভাবে, কোনো এক পর্যায়ে তারা প্রণালীটি খুলে দেবে। তবে ‘প্ল্যান বি’ বা বিকল্প পরিকল্পনাটি তৈরি রাখতে হবে এই ভেবে যে-ইরান যদি বলে, যদি ইরান বলে, ‘না, আমরা প্রণালীটি খুলতে রাজি নই’, তাহলে কী হবে?
পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোকে ‘কিছু একটা করতে হবে।’ তবে এই প্রক্রিয়ায় ন্যাটোর জড়িত হওয়া উচিত কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
আলোচনার বর্তমান পরিস্থিতি নিয়ে আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে রুবিও দাবি করেন, মার্কিন মধ্যস্থতাকারীরা অত্যন্ত ‘কঠিন’ লোকদের সাথে আলোচনা চালাচ্ছেন।
তিনি বলেন, ‘কিছু অগ্রগতি হয়েছে-তবে আমরা এখনও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আশা করি পরিস্থিতির পরিবর্তন হবে, তবে নাও হতে পারে।’
উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে দেয়। এর জেরে জ্বালানিসমৃদ্ধ পারস্য উপসাগর এলাকায় নিরাপত্তা সংকট তৈরি হয় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালি পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। এ ছাড়া অ্যালুমিনিয়াম ও সারসহ বিভিন্ন পণ্যও এই রুটে পরিবাহিত হয়।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন









