সদ্য প্রকাশিত
রাজনীতি

স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করছে : টুকু

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করছে : টুকু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, ‘১৯৭১ সালে আপনারা পাকিস্তানিদের পক্ষ নিয়ে আমাদের বিরোধিতা করেছেন। এখন আবার ষড়যন্ত্র করছেন। ৭১ কে বাদ দিয়ে কিছু করলে আমরা মানব না।’

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার ন্যায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, ওবাদুর রহমান চন্দন প্রমুখ।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় বলে টুকু বলেন, সংস্কার করতে হলে পার্লামেন্ট লাগবে। আর বিএনপি এমন কোনো বিষয় নেই যা সংস্কার করেনি। এখন একটি দল নির্বাচনের আগে সংস্কার চাচ্ছে, স্থানীয় নির্বাচন চাচ্ছে।

স্থানীয় নির্বাচন আগে করা মানে আওয়ামী লীগকে নিয়ে আসা।
ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, তিনি দেশে ফিরবেন খুন আর দুর্নীতির দায়ে জেল খাটার জন্য।

ভারত প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারত প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু আপনি যদি মোড়লগিরি করতে চান বাংলার মানুষ তা মেনে নেবে না।

আমরা আত্ম সম্মান নিয়ে আপনাদের চোখে চোখ রেখে কথা বলব।’
তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আপনার দেশে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আসেননি। আপনাদের একমাত্র দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন দেওয়া।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে টুকু বলেন, ‘বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না।

আগামী ভোটের জন্য প্রস্তুত হন। জনগণের মন জয় করেন। তাহলে বিজয়ী হতে পারবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে এক নতুন বাংলাদেশ আসছে।’

 

সূত্র: কালের কণ্ঠ