সিল্কসিটিনিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে ২৫টি ট্রাকে মোট ১১৬ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের মহদীপুর স্থলবন্দর হয়ে সোনামসজিদ স্থলবন্দরে ১৩টি ট্রাকে ৮১ টন কাঁচা মরিচ এসেছে। এর আগে সোমবার (৩ আগস্ট) একই পথে ১২টি ট্রাকে ৩৫ টন কাঁচা মরিচ আমদানি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। তিনি জানান, ২০২৫ সালের ১৪ নভেম্বরের পর সোমবার থেকে আবারও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার নাইম এন্টারপ্রাইজ, আবিদ এন্টারপ্রাইজ, শফিকুল ইন্টারন্যাশনাল, জুঁই ট্রেডার্স ও মাসুম এন্টারপ্রাইজসহ কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠানের কাঁচামরিচ বন্দরে প্রবেশ করেছে। ইতোমধ্যে আরো কয়েকটি আমদানি ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। ফলে আগামী দিনগুলোতেও কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের (প্লান্ট কোয়ারেন্টাইন) উপপরিচালক কৃষিবিদ সমীর চন্দ্র জানান, দেশে কাঁচা মরিচের মূল্যবৃদ্ধি ঠেকাতে মঙ্গলবার (৪ আগস্ট) পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরের জন্য আমদানিকারকদের ৯১টি আমদানি অনুমতিপত্রের (আইপি) বিপরীতে ভারত থেকে ৩২ হাজার ৩৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, কাঁচা মরিচ আমদানির জন্য আরো আমদানি অনুমতিপত্র দেওয়া হচ্ছে। ফলে আমদানি আরো বাড়তে পারে।









