কামাল হোসেন, শিবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ২০১৬-২০১৭ অর্থবছরের গত ১০ মাসে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১১৯ কোটি ৩২ লাখ ৮৭ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, দূর্ণীতির বিষয়ে জিরো টলারেন্স সুফল হিসেবে এই অর্জন হয়েছে। অথচ কিছুদিন আগেও দূর্ণীতি ও অনিয়মের জন্য গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অভিযোগ হয়ে আসছিল।

জানা গেছে- ২০১৬-২০১৭ অর্থবছরের সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৬৮ কোটি ৫৬ লাখ ৮২ হাজার টাকা। কিন্তু প্রথম ৯ মাসে জুলাই থেকে মার্চ রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৩৩৭ কোটি ৬৮ লাখ ৬২ হাজার টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৪৫৭ কোটি ১ লাখ ৪৯ হাজার টাকা। লক্ষ্যমাত্রা পূরণ করেও অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে ১১৯ কোটি ৩২ লাখ ৮৭ হাজার টাকা। চলতি আর্থিক বছরে লক্ষ্যমাত্রার চেয়ে গত ১০ মাসে ৮৯ হাজার ৪৪ লাখ ৬৭ হাজার টাকা রাজস্ব আয় বেশি হয়েছে। এখনো প্রায় দুই মাস বাকি রয়েছে আর্থিক বছরের।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, অনিয়ম রোধে কাস্টমস বিভাগ কঠোর তদারকির কারণে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। ভারত থেকে আমদানিকৃত ফলবাহী ট্রাক শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়। ফলে ট্রাক থেকে ব্যাপক রাজস্ব আয় বেড়েছে। বাণিজ্যিক পণ্য চালানের ক্ষেত্রে জিরো পয়েন্ট থেকে পণ্যবাহী ট্রাকগুলো সরাসরি ওজন করার জন্য স্কেলে নেয়া হয়। এসব পদক্ষেপ নেয়ার কারণে পণ্যবাহী ট্রাকের অর্জনে কারচুপি কমেছে। তবে কাস্টমস কমিশনার সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির ক্ষেত্রে দূর্ণীতি বন্ধ হলেও এখনো পুরোপুরি দূর্ণীতি বন্ধ হয়নি।
এব্যাপারে সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার সাইদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি সিল্কসিটি নিউজকে জানান, ভারত থেকে আমদানিকৃত প্রতিটি পণ্যের চালান যাচাই-বাছাই করে পণ্য খালাস দেয়া হচ্ছে। এছাড়া পণ্যবাহী ট্রাকগুলোর ওজন কঠোরভাবে তদারকি করা হচ্ছে। যে কারণে রাজস্ব আদায় দিনদিন বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানান, কাস্টমসের এ ধারা অব্যহত থাকলে চলতি অর্থবছরে বাকি ২ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আরও অনেক বেশি রাজস্ব আয় হবে।
স/অ









