সিল্কসিটিনিউজ ডেস্ক :
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং বিগত সময়ে ভারতীয় বাহিনীর গুলিতে হত্যাকাণ্ডের সব ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার এক বিবৃতির মাধ্যমে এসব দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবককে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও অন্যায় হত্যাকাণ্ড ক্রমাগত বাড়ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা বারবার ঘটলেও একটি হত্যাকাণ্ডেরও তদন্ত ও বিচারকাজ সম্পন্ন হয়নি। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার সব ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচার দাবি করছি।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের থেকে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব, ভারত সরকার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করবে।’
সূত্র: কালের কণ্ঠ










