নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে নওগাঁ শহরকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হচ্ছে। নওগাঁ শিল্প ও বণিক সমিতি এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে পরীক্ষামূলকভাকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ইতোমধ্যে ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
শনিবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকাল ১১টায় শহরের নওজোয়ান মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নওগাঁ-২ (ধামইরহাট-পত্মীতলা) আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, জেলা প্রশাসক আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক প্রমুখ।

নওগাঁ শিল্প ও বণিক সমিতি সূত্রে জানা যায়, নওগাঁর বাজার ব্যবসা নিরাপত্তার স্বার্থে নওগাঁ জেলা শিল্প ও বণিক সমিতির উদ্যোগে ইতোমধ্যে শহরের ৫২টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার কার্যক্রম নিয়ন্ত্রণ করবে জেলা পুলিশ। সিসি ক্যামেরাগুলো স্থাপনে কারিগরি সহায়তা দেয় মেগা টেকনোলজি সিস্টেম নামের একটি প্রতিষ্ঠান।
নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার বলেন, ‘নওগাঁ শহর সিসি ক্যামেরার আওতায় থাকলে পুরো শহর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে। এতে শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে। ব্যবসায়ীরা নিশ্চিতে তাঁদের ব্যবসা কার্যক্রম চালাতে পারবেন। এ কারণে নওগাঁ চেম্বারের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক শহরের বিভিন্ন প্রবেশ পথ এবং প্রধান বাজার এলাকায় মোট ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে গোটা শহর সিসি ক্যামেরার আওতায় আনা হবে।’
স/শ










