সিল্কসিটিনিউজ ডেস্ক:
প্যারাগুয়েতে সংসদে আগুন দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষোভের সময় পুলিশের রাবার বুলেট ওই রদ্রিগো কোয়েন্টিনোর মাথায় লাগলে নিহত হন তিনি। নিহতের ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার প্যারাগুয়ের বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে জ্বলে উঠে দেশটির পার্লামেন্ট ভবন। প্রেসিডেন্ট হোরাসিও কারটেসকে ‘আরেক মেয়াদে ক্ষমতায় টিকিয়ে রাখার অপচেষ্টা’ রুখতে ক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনে আগুন দেয়। কারটেসকে আরেক মেয়াদে ক্ষমতায় টিকিয়ে রাখতে ওইদিন পার্লামেন্টে একটি বিলের ওপর ভোটাভুটি হচ্ছিলো।ভোটাভুটি শেষে বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেয়।
পার্লামেন্ট ভবনের সামনে কয়েক হাজার বিক্ষোভকারীর সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বেড়া ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। তারা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ভবনে আগুন লাগিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে পুলিশ-বিক্ষোভকারী মিলিয়ে প্রায় ৩০ জন আহত হন। পুলিশ বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট ছুড়ে।
আহতদের মধ্যে তিনজন সংসদ সদস্য ও একজন সিনেটর রয়েছেন বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
সান্তি কার্নেরি নামে এক সাংবাদিক বিবিসিকে বলেন, পার্লামেন্ট ভবনটিতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলেছে।
সূত্র: বাংলা ট্রিবিউন










