সিল্কসিটিনিউজ ডেস্ক:
প্রধান উপদেষ্টার নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণার দুই সপ্তাহের মধ্যেই নির্বাচন নিয়ে নানা রকম অনিশ্চয়তা এবং ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নির্বাচন বানচালের জন্য একটি মহল ষড়যন্ত্র করছে।’ কারা সে ষড়যন্ত্র করছে সেই বিতর্কে না গিয়েও বলা যায়, একটি মহল গণতন্ত্র উত্তরণকে বিলম্বিত করতে সরব হয়েছে। তবে এই অনিশ্চয়তার মধ্যেও আশার কথা হলো, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছে।

নাহিদ ইসলামের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণার পর কেন তিনি এমনটি বললেন? একদিকে তিনি বললেন, রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে। এটি সঠিক। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রাজনৈতিক সৌহার্দ্যের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়। মত ও পথের পার্থক্যের পর এই সম্প্রীতি জরুরি। এই ছাড় দেওয়ার মানসিকতা, সৌজন্যতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি সব রাজনৈতিক দলের মধ্যে থাকে, তাহলে কখনোই এক-এগারো আসবে না।’
তবে নাহিদ ইসলামের ওই অনুষ্ঠানের বক্তব্য স্ববিরোধী। তিনি যেমন বলেছেন ছাড় দিতে হবে, তেমনি এর বিপরীত কথাও একই অনুষ্ঠানে বলেছেন। তিনি বলেছেন, ‘গত এক বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না। ১ শতাংশ ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না।’
অর্থাৎ একদিকে যেমন তিনি বলছেন, রাজনৈতিক দলগুলোর সবাইকে ছাড় দিতে হবে; অন্যদিকে তিনি আবার বলছেন, ছাড় দেওয়া হবে না। এ রকম অনমনীয় অবস্থান কখনো একটি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য ইতিবাচক নয়। এ রকম পরিস্থিতি একটি এক-এগারো আনার ক্ষেত্রে ভূমিকা পালন করে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। আমরা বিশ্বাস করি, নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের একজন অগ্রণী সৈনিক, অন্যতম নেতা। তিনি এই রাজনৈতিক ঐক্য ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এ কথা অস্বীকার করার উপায় নেই, বর্তমানে যে অনিশ্চয়তা, অস্থতিশীলতা, সেখান থেকে উত্তরণের একটাই পথ—তা হলো গণতন্ত্র, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন না হলে এক-এগারো আসবে। তাহলে কি নির্বাচন বাঞ্চাল করতে চায় কোনো কোনো মহল? নাহিদ ইসলাম এবং আরো বিভিন্ন মহল থেকে যে এক-এগারোর শঙ্কার কথা বলা হচ্ছে, সেই শঙ্কার বাস্তব ভিত্তি কতটুকু? এ কথা ঠিক, যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেনি, ততক্ষণ পর্যন্ত একটি শঙ্কা ছিল। কিন্তু আমি মনে করি নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণার পর আরেকটি এক-এগারো নিয়ে সংশয় অনেকটাই কেটে গেছে।
এক-এগারো নিয়ে শঙ্কাহীন থাকার আরো একটি কারণ আছে। ২০০৭ সালে এক-এগারো সরকারের ক্ষমতায় আসার ক্ষেত্রে অন্যতম সহায়ক শক্তি ছিল বাংলাদেশের সেনাবাহিনী। সেনাবাহিনীর সমর্থনেই ড. ফখরুীদ্দন আহমদের নেতৃত্বে অনির্বাচিত একটি সরকার ক্ষমতা দখল করেছিল। কিন্তু এবার সেনাবাহিনী মোটেও সে পথে যাচ্ছে না; বরং সেনাবাহিনী নির্বাচন, গণতন্ত্রের পক্ষে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। গত বছর জুলাই থেকে সংবিধান, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
আমাদের নিশ্চয়ই মনে আছে, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্ষমতা গ্রহণ করেননি। সেই সময় তিনি চাইলেই ক্ষমতা গ্রহণ করতে পারতেন, সামরিক শাসন জারি করতে পারতেন। কিন্তু তিনি সে পথে না গিয়ে বরং দেশে একটি সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার পক্ষে কাজ করেছেন। এখান থেকেই স্পষ্ট হয়েছিল, সেনাবাহিনী আরেকটি এক-এগারো চায়নি। ওই সময় নানা প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ধৈর্য, সংযম এবং দৃঢ়তার পরিচয় দিয়েছে, তা আমাদের নিশ্চয়ই মনে আছে। সেনাবাহিনী প্রধান বারবার দেড় বছরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। আমরা যদি হিসাব করে দেখি, তাহলে এই সরকারের দেড় বছর মেয়াদ পূর্তি হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। সে ক্ষেত্রে সেনাবাহিনীর আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় অনুযায়ী দেড় বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে রাজনৈতিক দলগুলো নির্বাচন পেছানো এবং বিভিন্ন রকম দাবিদাওয়া সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করতে চেয়েছিল, সেখানে সেনাবাহিনীর বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে গন্তব্যে পৌঁছানোর আন্তরিক অভিপ্রায় আমাদের জন্য একটি বড় ইতিবাচক দিক।
আমাদের সেনাবাহিনী গণতন্ত্র চাচ্ছে। তারা আরেকটি এক-এগারোর হিস্যা হতে চায় না। গত এক বছরে যদি নির্মোহভাবে বাংলাদেশের বাস্তব অবস্থা বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে যে সেনাবাহিনী বাংলাদেশকে আগলে রেখেছে। গণ-অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক পরিস্থিতির বিশৃঙ্খল অবস্থার মধ্যে সেনাবাহিনী একমাত্র আশার আলো। ৫ আগস্টের পর একটা লম্বা সময় পর্যন্ত পুলিশ কোনো কাজ করেনি। ওই সময় সেনাবাহিনী জনগণের জানমালের হেফাজত করেছে। এই সময় পর্বে বেশকিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতির কারণে কোনো কিছু সীমা ছাড়িয়ে যেতে পারেনি; বরং সেনাবাহিনী সব সময় চেষ্টা করেছে ঠাণ্ডা মাথায় বলপ্রয়োগ না করে মানুষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।
পুলিশ বাহিনী এখনো অনেকটা নিষ্ক্রিয়। এ পরিস্থিতিতে মানুষের আস্থার ভরসার স্থল হলো সেনাবাহিনী। বিভিন্ন স্থানে সেনাবাহিনী যেভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, তাতে এটুকু বলা যায় সেনাবাহিনী মাঠে আছে বলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সহনশীল রয়েছে। মানুষ অন্তত ঘর থেকে বের হতে পারছে, কর্মস্থলে যেতে পারছে।
৫ আগস্টের পর অর্থনীতিতে বড় ধরনের সংকট চলছে। যাকে-তাকে ফ্যাসিবাদের ‘দোসর’ ট্যাগ দিয়ে কলকারখানায় আগুন লাগানো, চাঁদাবাজি, ব্যবসাপ্রতিষ্ঠান দখলের মতো ঘটনা শুরু হয়। এ ক্ষেত্রেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতির কারণেই বিভিন্ন স্থানে চাঁদাবাজ, ছিনতাইকারী এবং মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী যদি না থাকত, তাহলে এ ধরনের ঘটনাগুলো কী ভয়াবহ রূপ নিত, তা ভাবলেও শিউরে উঠতে হয়।
৫ আগস্টের পর চাইলেই সেনাবাহিনী সহজে ক্ষমতা গ্রহণ করতে পারত; কিন্তু সেই ক্রান্তিকালে ক্ষমতা গ্রহণ না করে সাংবিধানিক ধারা অক্ষুণ্ন রেখেছে। আমরা যদি আরেকটু পেছন ফিরে তাঁকাই তাহলে দেখব, বাংলাদেশে স্বৈরশাসনের পতনেও সেনাবাহিনীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। কিন্তু সে ইতিহাস আমরা অনেকে স্মরণ করি না। গত বছর জুলাই মাসে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ না করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মূলত এই সিদ্ধান্তই ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। এখান থেকেই আন্দোলন নতুন মোড় নেয়। এ কথা নিঃসন্দেহে বলা যায়, জুলাই গণ-অভ্যুত্থানকে সফল করার ক্ষেত্রে নেপথ্যে ভূমিকা রেখেছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। শুধু তা-ই নয়, ৫ আগস্টের পর দেশে কী ধরনের সরকার গঠন করা হবে, তার জন্য সকল রাজনৈতিক দলকে নিয়ে ক্যান্টনমেন্টে বৈঠক করা এবং নতুন সরকার গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা ছিল অতুলনীয় এবং গৌরবোজ্জ্বল। সেনাবাহিনী প্রধান তখন নিরলসভাবে নিষ্ঠার সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠনের সব দায়িত্ব পালন করেন।
আমরা আশা করি, আরপিও সংশোধনের মাধ্যমে সেনাবাহিনীর যে ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এবং তাদের আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞাভুক্ত করা হয়েছে, এতে নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা মব সন্ত্রাস, পেশিশক্তির প্রয়োগ এসব বন্ধ হবে। বাংলাদেশের সেনাবাহিনী গত এক বছরের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছে, তারা আরেকটি এক-এগারো চায় না। তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় দেখতে চায় এবং ব্যারাকে ফিরে যেতে চায়।
এ জন্যই রাজনৈতিক দলগুলোকে এখন দায়িত্বশীল আচরণ করতে হবে। গণতন্ত্রে উত্তরণের পথে বিভক্তি, হানাহানি নয়, দরকার জাতীয় ঐক্য। এই ঐক্যই গণতন্ত্রের শক্তি। এক-এগারোর আতঙ্কে না ভুগে সবাইকে সম্মিলিতভাবে গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে, সেনাবাহিনীর ক্ষমতালিপ্সা ছাড়া কখনো এক-এগারোর মতো অনভিপ্রেত ঘটনা ঘটে না। গত এক বছরে বাংলাদেশের গৌরবের প্রতীক সেনাবাহিনী প্রমাণ করেছে, তারা আরেকটি এক-এগারো চায় না। একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়।
অদিতি করিম : নাট্যকার ও কলাম লেখক










