রাজশাহী

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা। একই সঙ্গে শ্রমিকরা কর্মক্ষেত্রে নির্যাতন ও অধিকারবঞ্চনার শিকার হলে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরীর বিআরইএল অফিসের সভাকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের কার্যকরী পরিষদের তৃতীয় অধিবেশনে বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে লস্কর মো. তসলিম বলেন, মানুষের অধিকার নিয়ে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী-রাসুলরাও মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য কাজ করেছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শ্রমিকরা যখন যেখানে নির্যাতন ও অধিকারবঞ্চনার শিকার হবেন, সেখানে তাদের পাশে দাঁড়াতে হবে। সমাজের প্রতিটি ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা রয়েছে। শ্রমিকদের অধিকার আদায় ও তাদের কল্যাণে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, সংগঠনের সাংগঠনিক মান ও মর্যাদা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভিন্নভাবে সংগঠনের কার্যক্রমে বাধা সৃষ্টি ও বিভ্রান্তি তৈরির চেষ্টা থাকতে পারে। এ ক্ষেত্রে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সংগঠনকে গতিশীল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অধিবেশনে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কল্যাণমুখী সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর।

 

সমগ্র অধিবেশন যৌথভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক।