নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু আইসিইউ’র সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অদ্য জেরিয়াট্রিক আইসিইউ থেকে ৬টি বেড শিশু আইসিইউতে যুক্ত করা হয়েছে। এর ফলে শিশু আইসিইউ’র মোট বেড সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। এর মধ্যে ১২টি বেড হাম আক্রান্ত শিশু রোগীদের জন্য নির্ধারিত এবং বাকি ৬টি বেড অন্যান্য (নন-মিজলস) শিশু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।
অন্যদিকে, রামেক হাসপাতালের আইসিইউতে রোগীর চাপ কমাতে সাময়িকভাবে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে রামেকের আইসিইউ থেকে একজন নন-মিজলস শিশু রোগীকে সেখানে স্থানান্তর করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট স্টাফরা স্থানান্তরিত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। এ ক্ষেত্রে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে জানানো হয়েছে।
এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রেরিত ভেন্টিলেটর ইতোমধ্যে রামেক হাসপাতালের আইসিইউতে স্থাপন করা হয়েছে, যা চিকিৎসা সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিশু আইসিইউ সম্প্রসারণে রামেকের উদ্যোগ, বাড়ছে চিকিৎসা সক্ষমতা









