নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাংচুর ও এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে কলেজে প্রবেশ করে ভাংচুর চালানো এবং এক নারী শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করেছে।

দলীয় সূত্রে জানানো হয়েছে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।









