লালপুর( নাটোর) প্রতিনিধি :
লালপুরে নসিমনের অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মুক্তার হোসেন (৬০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।
বুধবার (৬মে) সকাল ৬ টার দিকে উপজেলার আব্দুলপুর কলোনিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের গোসাইপুর এলাকার মৃত ইয়াদ প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬ টার দিকে আব্দুলপুর বাজার থেকে ভ্যান চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন মুক্তার হোসেন। পথে আব্দুলপুর কলোনিপাড়ার হান্নানের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঈশ্বরদী ইপিজেড এর শ্রমিকবাহী একটি নসিমন গাড়ি (শ্যালো ইঞ্জিন চালিত) তাকে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ওই ভ্যান চালক। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মুক্তার হোসেনের মৃত্যু হয়।









