সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
কাকতালীয়ভাবে চতুর্থ রোলবল বিশ্বকাপের পুরুষ ও মহিলা বিভাগের ফাইনালে উঠেছিল ভারত ও ইরান। একইরকম কাকতাল অব্যাহত রেখে পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
ভারতের নারী রোলবল দল ইরানের নারী দলকে ৬-৪ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয়। আর সন্ধ্যায় ভারতের পুরুষ রোলবল দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৮-৭ গোলের ব্যবধানে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এটা ভারতের তৃতীয় রোলবল বিশ্বকাপের শিরোপা।

এর আগে ২০১৩ ও ২০১৫ রোলবল বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। ২০১১ সালে আয়োজিত প্রথম আসরের শিরোপা জিতে নিয়েছিল ডেনমার্ক।
ভারত কোয়ার্টার ফাইনালে জাম্বিয়াকে ৪০-০ গোলে হারিয়ে সেমিফাইনালে আসে। সেমিফাইনালে কেনিয়াকে হারায় ১০-৪ গোলের ব্যবধানে। আর গেলবারের ফাইনালিস্ট ইরানকে ৮-৭ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয়।
সূত্র: রাইজিংবিডি










