রাজশাহী

রাজশাহী নগর ভবনের পশ্চিম পাশের প্রতিদিনের চিত্র

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ দরিখরবোনা-সাহেব বাজার সড়কের পাশে গড়ে উঠেছে সানডায়াল, উদ্ভাস, উন্মেষসহ বেশ কয়েকটি কোচিং সেন্টার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন বিকেল থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকের সমাগম ঘটে। এতে সড়কটিতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।

বিশেষ করে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় সবচেয়ে বেশি থাকে। ক্লাস শুরু ও শেষ হওয়ার সময় একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক সড়কে অবস্থান করায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, সড়কের দুই পাশে পার্কিং নিষিদ্ধ থাকলেও সেখানে নিয়মিতভাবে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন রাখা হচ্ছে। ফলে সড়কের চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়ছে। ব্যস্ত সময়ে যানজট দীর্ঘ হয়ে আশপাশের সড়কেও এর প্রভাব পড়ছে।

স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের পাশে গাড়ি রাখার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

জনদুর্ভোগ কমাতে সড়কের দুই পাশে পার্কিং নিষেধাজ্ঞা কার্যকর করা এবং অবৈধভাবে রাখা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ছাড়া গুরুত্বপূর্ণ এই সড়কের ওপর চাপ কমাতে দরিখরবোনা-সাহেব বাজার সড়কের পাশ থেকে কোচিং সেন্টারগুলো অন্য কোনো উপযুক্ত এলাকায় সরিয়ে নেওয়া যায় কি না, সেটিও প্রশাসনকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি নগরীর যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পরিকল্পিতভাবে কোচিং সেন্টারগুলো স্থানান্তর ও পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই সড়কের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন তারা।