পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় ৯৯ জন সুবিধাভোগীর মাঝে উপজেলা প্রশাসনের সমন্বয়ে কাতার চ্যারিটি পরিচালিত অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল (শস্য পেষাই মেশিন) ও মালবাহী ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
দুই উপজেলার মধ্যে পুঠিয়ায় ৫৪ জন এবং দুর্গাপুরে ৪৫ জন সুবিধাভোগীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সবুর আলী-এর সভাপতিত্বে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতরণ করা উপকরণগুলো সুবিধাভোগীদের আয় বৃদ্ধির পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লায়লা নূর তানজু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, কাতার চ্যারিটি বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাইর, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফ, উপজেলা উন্নয়ন সহায়ক এম. এ. মতিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মদ রেজাউল করিম হক স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।









