রাজশাহী

রাজশাহীর ক্যাথলিক গোরস্থানে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজশাহী সিটি কর্পোরেশনের লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) আওতায় ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।City & Local Guides

এ প্রকল্পের আওতায় গোরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণের পাশাপাশি মাটি ভরাট ও ছাউনি নির্মাণ করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে সিটি কর্পোরেশন কাজ করছে। এরই ধারাবাহিকতায় ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের উন্নয়ন কাজ শুরু হয়েছে।

তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও বলেন, দীর্ঘদিন ধরে ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের উন্নয়নের চেষ্টা চালিয়ে আসছিলেন তাঁরা। কিন্তু এর আগে কারও কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব নেওয়ার পর তাঁর কাছ থেকে সহযোগিতা পেয়েছেন এবং উন্নয়নকাজ শুরু হয়েছে। এটি তাঁদের জন্য অনেক বড় পাওয়া। তিনি সবার পক্ষ থেকে প্রশাসকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডি, সেক্রেটারি সুবাস কস্তা এবং কমিটির সদস্য শিরিল মূর্ম, মধু মূর্ম ও মেরি হেমরমসহ গোরস্থান ও চার্চ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।Executive Branch

এ সময় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল-মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগ, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকনসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।