রাজশাহী

রাজশাহীতে হামলা, প্রাণনাশের হুমকি ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক২ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে হত্যার উদ্দেশ্যে হামলা, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নগরীর লক্ষ্মীপুর এলাকার একতারা হোটেলের মালিক রাজু আহমেদ।

শনিবার (২ আগস্ট) বিকেল ৫টায় নগরীর লক্ষ্মীপুরে নিজ চেম্বারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে রাজু আহমেদ দাবি করেন :গত ২৭ জুলাই পূর্বপরিকল্পিতভাবে লক্ষ্মীপুর এলাকায় তার ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে বাসায় ফিরলেও এখনও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
তিনি অভিযোগ করেন : হাসপাতাল থেকে ফেরার পরও তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের অপচেষ্টা চলছে বলেও দাবি করেন।

এছাড়া একটি কুচক্রী মহল বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ করেন তিনি।

তার বক্তব্য অনুযায়ী : এসব সংবাদের মাধ্যমে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ন্যায়বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে রাজু আহমেদ বলেন : আপনারা জাতির বিবেক, যাচাই-বাছাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন।
প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি তার ওপর হামলা, প্রাণনাশের হুমকি, ব্যবসা দখলের অপচেষ্টা এবং মিথ্যা অপপ্রচারের ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় (হাই কমান্ড) নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং ও রাজপথের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বর্তমান পরিস্থিতিতে তিনি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সহযোগিতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ কামনা করেন।