নিজস্ব প্রতিবেদক:
গ্রামীণ একটি প্রচলিত কথা রয়েছে, আশ্বিনে গা (শরীর) করে শিন শিন (ঠান্ডা লাগার ভাব)। যদিও আশ্বিন মাস এরই মধ্যে গত হয়ে গেছে। এখন শুরু হয়েছে কার্তিক মাস। তবে আশ্বিনের শেষ দিক থেকেই রাজশাহীতে শীতের আবহ বিরাজ করছে।

বলা যায়, গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত এ অবস্থা বিরাজ করছে প্রকৃতিতে। ফলে শীতের আগমনী বার্তাও যেন জানান দিচ্ছে প্রকৃতি। সেইসঙ্গে প্রকৃতিতে হালকা কুয়াশার ভাবও দেখা যাচ্ছে। কখনো একটু বেশি আকারও দেখা যাচ্ছে কুয়াশার। এগুলো সবই যেন শীতের আবহ।
রাজশাহী আবহাওয়া অফিস বলছে, রাজশাহীতে শীত শুরু হয়েছে। বিশেষ করে গত ১১ অক্টোবর রাজশাহীতে ভারী বৃষ্টির পর থেকেই শীতের আবহ দেখা দেয়। ওইদিন ভোর থেকেই একটু করে ঠান্ডা এবং সঙ্গে কুয়াশা দেখা যায় প্রকৃতিতে। ফলে ভোরে তাপমাত্রাও নেমে আসে অনেকটা নিচের দিকে।

রাজশাহীতে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন শুক্রবার সর্বনিম্ন ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস। ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা ছি ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার সর্বনিম্ন তাপামাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সর্বনিম্ন ছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ মঙ্গলবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৬-৯ টা পর্যন্ত সর্বনিম্ম তাপমাত্রার এই নিম্নগতিই বলে দিচ্ছে রাজশাহীতে শীত একটু একটু করে বাড়তে শুরু করছে। সকালে রাজশাহীর মাঠ-ঘাটে জন্ম নেওয়া আগাছা ও ঘাসের মাথায় শীশিরও দেখা যাচ্ছে বেশ। যদিও দুপুরের দিকে এখনো কিছুটা হলেও গরমের আঁচ টের পাচ্ছেন নগরবাসী। তবে মাঝে কয়েকদিন যে ধরনের ভ্যাপসা গরম ও রোদের তাপমাত্রা ছিল, এখন সেটিও অনেকটাই কমে গেছে। ফলে শীতের আগমনী বার্তার মাঝে রাজশাহীর জনজীবনেও নেমে এসেছে অনেকটা স্বস্তি।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন সিল্কসিটি নিউজকে বলেন, ‘রাজশাহীতে শীত শুরু হয়েছে। বিশেষ করে গত ১৪ অক্টোবর থেকেই রাজশাহীতে তাপমাত্রা অনেকটা কমতে শুরু করেছে। তবে আজ সকালে আকাশ একটু মেঘলা থাকায় তাপমাত্রা একটু বেড়েছে। তারপরেও শীতের আবহ ছিল প্রকৃতিতে।

এদিকে রাজশাহীতে শীতের সবজিও বাজারে উঠতে শুরু করেছে। তবে দাম একটু চড়া হলেও শীতের প্রায় সব ধরনের আগাম সবজিই বাজারে উঠতে শুরু করেছে।
মঙ্গলবার রাজশাহীর বাজারে শীতের সবজি ফুলকপি বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা কেজি দরে, বাধাকপি ৩৫ টাকা কেজি, সিম ৬০-৬৫ টাকা কেজি, বরবটি ৫৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও টমেটো ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। আর বেগুন বিক্রি হয় ৬০-৬৫ টাকা কেজি দরে।

রাজশাহীর সাহেব বাজার কাঁচা বাজারের ব্যবসায়ী আকবর হোসেন বলেন, ‘বাজারে এখনো পুরোদমে শীতের সবজি আসতে শুরু করেনি। তবে আগাম জাতের শীতের সবজিগুলো এরই মধ্যে উঠতে শুরু করেছে। তবে দাম অনেকটা চড়া। শীতের সবজি পুরোদমে বাজারে আসতে শুরু করলে দামও কমতে শুরু করবে।’
আরেক ব্যবসায়ী মুনসুর আলী বলেন, ‘মাঝে কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজি মাঠে পচে নষ্ট হয়ে গেছে। ফলে সবজির দামও বেড়েছ। শীতের সবজি বেশি করে উঠতে শুরু করলে বাজারে এর প্রভাব পড়বে, তখন দামও কমবে।’
স/আর









