রাজশাহী

রাজশাহীতে ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ নামে ৫০ ওভারের আসর

নিউজ ডেস্ক৫ মে ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভারের একটি ক্রিকেট টুর্নামেন্টের নাম ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর শাহ ডাইন কনভেনশন সেন্টারে টুর্নামেন্টের নামকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের নামকরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম।

সভায় বক্তারা তরুণ ক্রিকেটারদের দক্ষতা বিকাশ, ক্রীড়া চর্চার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এসব উদ্যোগের ধারাবাহিকতায় নতুন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই টুর্নামেন্ট রাজশাহীর উদীয়মান ক্রিকেটারদের নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ করে দেবে এবং জাতীয় পর্যায়ে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, রাজশাহীতে দীর্ঘদিন বন্ধ থাকা বিভিন্ন টুর্নামেন্ট ও লীগ পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এসব আয়োজন নিয়মিতভাবে চালু রাখতে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া এবং রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিবির সাবেক পরিচালক ও রাজশাহী জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু এবং রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম সাজু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, সাবেক জয়েন্ট সেক্রেটারি মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী বাবুসহ ক্রীড়া সংগঠক ও ক্রিকেটাররা।

আয়োজকরা জানান, টুর্নামেন্টটি প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত পরিবেশে আয়োজন করা হবে, যেখানে রাজশাহীর তরুণ ক্রিকেটাররা তাদের প্রতিভা বিকাশের একটি বড় মঞ্চ পাবে।