নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশের বাধার মুখে পড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্থ পাচারে মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ডের প্রতিবাদে আজ সকাল সাড়ে ১১টার দিকে মহানগর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি নগর বিএনপির কার্যালয় থেকে কিছুটা দূরে এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। ফলে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন। এ সময় মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, শফিউল আলম বুলু, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর ছাত্রদলের বর্তমান সভাপতি মাহফুজুর রহমান রিটন সহ শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বুধবার দেশব্যাপী সকল মহানগর এবং সকল উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হবে।
নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বৃহস্পতিবার তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
স/আ









