নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দুপুর দেড় টার দিকে সিটি বাইপাস হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন (২৫) মহানগরীর শাহ মখদুম থানার তালপুকুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরীর সিটি বাইপাস এলাকায় একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক রাকিব হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অজ্ঞাত পরিচয় এক আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সিল্কসিটিনিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। তবে ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
স/অ










