নিজস্ব প্রতিবেদক:
‘যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে পঞ্চম জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক ও কুইজ উৎসব। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী এ বিতর্ক উৎসব।
ফারাজ আইয়াজ হোসেন স্মরণে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) ও রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব যৌথভাবে এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে।

রাজশাহী মেডিকেল কলেজের অডিটরিায়মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল হাসান খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যে দেশকে দিতে পারে, দেশের জন্য কাজ করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী মানুষ। আজকের তরুণদের সামনে রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। আজকের তরুণ মেডিকেল শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের মানুষের সেবা করবে, দেশের কল্যাণে কাজ করবে। তাই আমাদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে’।
তিনি আরও বলেন, ‘বিতর্কের মধ্য দিয়ে পরমত সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। এতে জ্ঞানের প্রসার ঘটবে। তরুণ সমাজকে কলুষিত করার চেষ্টা চলছে। বিতর্কের মাধ্যমে তরুণদের সত্য জানতে হবে। তরুণদের নিজেদের হাতেই রয়েছে তাদের ভবিষ্যত। তারাই সৃষ্টি করবে তাদের ভাগ্য’।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জন্যস্বাস্থ অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নুরুল হককে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. দীন মোহাম্মদ বলেন, ‘আমাদের নিজ নিজ জায়গায় বদলে যেতে হবে। তাহলেই বদলে যাবে বাংলাদেশ। আমাদের সবাইকে দেশ সেবার ব্রত নিতে হবে’।
তিনি আরও বলেন, ‘বিতর্কের মাধ্যমে আমরা অপরের মতকে শ্রদ্ধা করতে শিখবো। বিতর্কে যারা ভালো করবে তারা জীবন যুদ্ধেও ভালো করবে। বিতর্ক মেধা বিকাশে সহায়তা করে। এজন্য এ ধরণের উৎসব আয়োজন খুবই তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ প্রফেসর মাসুম হাবিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডা. তাবিবুর রহমান শেখ, রামেকের উপাধ্যক্ষ ডা. নওশাদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মহিবুল হাসান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব, ইউনিমেড ইউনিহেলথ এর নির্বাহী পরিচালক নাজমুল হাসান।
সঞ্চালনা করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো-চেয়ারম্যান এম আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
নামাজ ও খাবারের বিরতির পর বিতর্ক উৎসবে জঙ্গিবাদ, স্বাস্থ ও শিক্ষা ক্ষেত্র, সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মৃত্যু ভয়কে জয় করা ফারাজ আইয়াজের মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত দেশের তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ।
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ৭০টি বিতর্ক দল ও ৪০টি কুইজ প্রতিযোগী দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
এই আয়োজনে দেশের মেডিকেল কলেজ দলগুলোর অংশগ্রহণে আরও রয়েছে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, ইংরেজি ও বাংলা ভাষায় বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, সচেতনতামূলক সাংস্কৃতিক আয়োজন, সেমিনার এবং সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
স/আর










