নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন নতুন বুধপাড়া এলাকায় গাছ কেটে চুরি ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে।
অভিযোগকারী মোঃ শরিফ উদ্দিন (৩৭) জানান, গত ২১ মার্চ ২০২৬ তারিখ রাতের কোনো এক সময় তার মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ করে একটি ফলদ জাম গাছ কেটে নিয়ে যায় অভিযুক্ত মোঃ সুলেমান (২৬) ও মোঃ ফারুক (২৭)। পরে স্থানীয়দের সহযোগিতায় চোরাই গাছটি সুলেমানের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনার পর গত ২৩ মার্চ বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নতুন বুধপাড়া জামে মসজিদের সামনে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা শরিফ উদ্দিনকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এক পর্যায়ে সুলেমান রাস্তার পাশ থেকে ইট নিয়ে শরিফ উদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেল (প্যাশন, নীল রং, ১১০ সিসি) ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।
ঘটনাটি স্থানীয় একাধিক ব্যক্তি প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে। সাক্ষীদের মধ্যে রয়েছেন মোঃ মনিরুদ্দিন (৫০), মোঃ আরিফ (৩০) ও মোঃ রানা (৩৫)।
এ বিষয়ে ভুক্তভোগী মতিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
রাজশাহীতে গাছ কেটে চুরি ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ









