রাজশাহীর খবর

মোহনপুরে কলেজ ছাত্র নিহত

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের মারপিটে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। তার নাম শাকিল আহমেদ (১৮)। তিনি রাজশাহী সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং মোহনপুর উপজেলার ধুরইল হাটপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

 

শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় শাকিল গুরুতর আহত হলে ওইদিন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শনিবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ‍দুপুরে স্থানীয়রা আতাউর রহমান নামের এক ব্যক্তিকে ধরে পুলিশের সোপর্দ করেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্র সিল্কসিটি নিউজকে জানায়, মোহনপুরের ধুরইল গ্রামের মজিবুর রহমানের সঙ্গে প্রতিপক্ষ একই গ্রামের আতাউর রহমান, জাফর আলী ও আমিনুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ছয়টার দিকে প্রতিপক্ষের লোকজন মজিবুর রহমানের ছেলে কলেজ পড়ুয়া শাকিল আহমেদের ওপর হামলা করে।

 

এতে তিনি গুরুতর আহত হলে পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হসাপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এরই মধ্যে শনিবার সকাল ১১টার দিকে শাকিল মারা যান।

 

এদিকে শাকিল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আতাউর রহমান নামের একজনকে ধরে পুলিশে সোপদ করে।

 

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ওসি একেএম মাসুদ পারভেজ সিল্কসিটি নিউজকে বলেন, কলেজ ছাত্র শাকিল আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

 

স/আর