সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। সেই উপলক্ষে আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্ববৃহৎ ক্রীড়া উৎসব ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।
এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছে জমকালো ক্যাম্পাসভিত্তিক প্রচারণা, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আমেজ তৈরি করেছে।
বুধবার (১৪ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালানো হয়। প্রচারণায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্যাম্পাসগুলোকে আনন্দমুখর মিলনমেলায় পরিণত করে।

শিক্ষার্থীদের আকৃষ্ট করতে আয়োজন করা হয় আকর্ষণীয় গেম শো।
এই জমজমাট প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী শিক্ষার্থীরা প্রত্যেকে ৫ হাজার টাকা করে নগদ পুরস্কার জিতে নেন।
প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিযোগিতায় তাদের উৎসাহ আসন্ন টুর্নামেন্টকে ঘিরে বাড়তি উদ্দীপনা তৈরি করে।
এ সময় শিক্ষার্থীরা আসন্ন এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
পাশাপাশি ভবিষ্যতে আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা জানান।
এই ক্যাম্পাসভিত্তিক প্রচারণার মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করা।
আগামী ২৫ অক্টোবর থেকে এবিজি স্পোর্টস সিটিতে কৃত্রিম ফ্লাডলাইটের আলোয় শুরু হবে এই মেগা আসর। দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবলের মোট ২০টি দল এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকাসহ সর্বমোট ৩০ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।
দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে এত বড় প্রাইজমানির টুর্নামেন্ট এবারই প্রথম, যা শিক্ষার্থীদের মাঝে বাড়তি উন্মাদনা যোগ করেছে।









